রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেমং মারমা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা পরাজিত হয়েছেন। জামানত হারিয়েছেন অপর চেয়ারম্যান পদপ্রার্থী রুইসাঅং মারমা।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল রহমান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯১২ ভোট। অন্যদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. আইয়ুব আলী (মোটরসাইকেল) ৩ হাজার ২২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে কংজরী মারমা (মাইক) প্রতীকে ৭ হাজার ৮৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী ফখরুল ইসলাম লিটন (তালা) ও মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) জামানত হারিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ১০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম (কলস) পেয়েছেন হাজার ৬ হাজার ৬৮০ ভোট। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত চেয়ারম্যান মেমং মারমা বলেন, উপজেলার সকল কার্যক্রমে গতিশীলতা এনে গুইমারাবাসির প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন।
