ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে।
অবরোধের কারণে ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে বেলা বাড়ার সাথে শহর কেন্দ্রিক পরিবহনের সংখ্যা বেড়েছে।
অবরোধ চলাকালে বেলা ১০টার দিকে শহরের চেঙ্গীব্রিজ এলাকায় পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তিন রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পিকেটারদের গুলতি ও ইটপাটকেলের আঘাতে এএসআই আবুল হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হয় বলে জানান খাগড়াছড়ি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। এছাড়া খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে পিকেটাররা।
এদিকে পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো শহরে প্রবেশ করেছে। আর সাজেকগামী পর্যটকবাহী পরিবহনগুলোতেও নিরাপত্তা দেয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে ছিলো।
গত বুধবার দুপুরে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের স্লুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিজ দলের বিদ্রোহীদের দায়ী করেছে ইউপিডিএফ। এর আগে আভ্যন্তরীণ দ্বন্দ্বে গত নভেম্বরে দুই ভাগে বিভক্ত হয় দলটি। সংগঠনের বিদ্রোহীদের নিয়ে ‘গণতান্ত্রিক ইউপিডিএফ’ নামে আত্মপ্রকাশ করে নতুন আরেকটি সংগঠন।
