নিজস্ব প্রতিবেদক ।।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ফজলে এলাহীকে স্থায়ী জামিন দিয়েছে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির জামিন আবেদন মঞ্জুর করেছেন। এর আগে গত বুধবার তিনি রাঙামাটি আদালত থেকে সাতদিনের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।
ফজলে এলাহীর আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম ও মোহাম্মদ ফজলে আজিম শাওন জানান, আমরা সাংবাদিক ফজলে এলাহীর জন্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদন করি। বিজ্ঞ আদালতে আমাদের আবেদনের প্রেক্ষিতে সন্তুষ্ট হয়ে জামিন আবেদন মঞ্জুর করেছেন। আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এর আগে গত মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ। এর পরদিন বুধবার (৮ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে উপস্থিত হওয়ার শর্তসাপেক্ষে সাতদিনের জন্য জামিন মঞ্জুর করেন রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেম বেগম মুক্তার আদালত। মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত জামিন মঞ্জুর করেছেন।
চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদি জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।
