কাপ্তাই প্রতিনিধি ॥
বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২ উপলক্ষে এতিম শিশুদের মাঝে সেদ্ধ ডিম ও গরুর দুধ বিতরণ করা হয়েছে। রবিবার রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে কাপ্তাই আল আমীন নুরিয়া মাদ্রাসা ও এতিমখানা, সুইডিশ নুরিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আফসারের টিলা মাদ্রাসা ও এতিমখানার অসহায় ও সুবিধাবঞ্চিত ১২০জন এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান নিজে এইসব প্রতিষ্ঠানে গিয়ে তাদের হাতে এইসব খাবার তুলে দেন।
আল আমীন নূরিয়া মাদ্রাসার শ্রেণী কক্ষে ‘পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হক হাজারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এইসময় তিনি বলেন, মানসিক স্বাস্থ্য বিকশিত হবার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। সুস্থ আগামী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ জরুরি।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ ও কাপ্তাই ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদুল হক মুরাদ আলোচনা সভায় বক্তব্য দেন।
