নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড নিবন্ধন সংক্রান্ত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের Bvrs software দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মো. তকদির আহমেদ, নির্বাচন প্রশিক্ষণ ইস্টিটিউটের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজাহারুল ইসলাম। প্রশিক্ষণ সহকারী হিসেবে ছিলেন আইডিইএ (২য় পর্যায়ে) ডাটা এন্ট্রি অপারেটর আপেল মাহমুদ ও গাজী আবু সারওয়ার।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। তাতে সুষ্ঠু ও নির্ভুলভাবে শেষ করার লক্ষ্যে দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা। এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন ও পুরনো ডাটা এন্ট্রি অপারেটররা মাঠ পর্যায়ে আরো দক্ষতার সাথে কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের এই কর্মসূচি কোন রোহিঙ্গা এবং এদেশের নাগরিক নয় এমন কেউ যাতে ভোটার হতে না পারে সেই বিষয়েও সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। যে কোন মূল্যে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কমিশন কাজ করছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলার নির্বাচন অফিসার সালমা নাজমিন, কাপ্তাই উপজেলার নির্বাচন অফিসার তানিয়া আক্তার, কাউখালী উপজেলার নির্বাচন অফিসার অজয় চক্রবর্ত্তী, লংগদু উপজেলা নির্বাচন অফিসার মো. জমির উদ্দীন, রাজস্থলী উপজেলার নির্বাচন অফিসার উৎপল বড়–য়া, বিলাইছড়ি উপজেলার নির্বাচন অফিসার মো. আমিনুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলার নির্বাচন অফিসার চৈতালি চাকমা, নানিয়ারচর উপজেলার নির্বাচন অফিসার ভূবতি রঞ্জন চাকমা, জুরাছড়ি উপজেলার নির্বাচন অফিসার মো. বিল্লাল মেহেদী।
