তহিদুর রুবেল, পানছড়ি:
শেষ পর্যন্ত স্বপ্নসিঁড়ি পুজগাং-এর স্বপ্ন সত্যি হলো। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্নসিঁড়ি পুজগাং একাদশ। রবিবার বেলা প্রায় চারটার দিকে বিজিবি ব্যাটালিয়ন মাঠে,জোন কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৪-০ গোলে ফাতেমা নগর মেঘনা যুব কল্যাণ ক্লাব-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন স্বপ্নসিঁড়ির রাকেশ চাকমা। ফাইনালে ম্যাচে হ্যাট্রিক করেছেন সুমেন চাকমা।
টানটান উত্তেজনাময় ফাইনাল ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। অথচ দুই পক্ষ প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারতো। খেলোয়াড়দের ব্যর্থতার পাশাপাশি গোলকিপারদের দৃঢ়তায় কোনো পক্ষই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার দৃশ্যপট পাল্টে দেন স্বপ্নসিঁড়ির ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমেন চাকমা ও ৯ নম্বর জার্সিধারী রসিক চাকমা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখেন ফাতেমা নগরের রক্ষণভাগকে। এক পর্যায়ে ফাতেমা নগরের রক্ষণ-দেওয়াল ভেঙ্গে দেন স্বপ্নসিঁড়ির সুমেন চাকমা ও রসিক চাকমা। সুমেন তিনটি গোল ও রসিক একটি গোল দিয়ে দলকে নিয়ে স্বপ্নসিঁড়ি পাড়ি দেন। চ্যাম্পিয়ন হয় স্বপ্নসিঁড়ি পুজগাং একাদশ। টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলদাতা হন সুমেন চাকমা। খেলার দ্বিতীয়ার্ধে স্বপ্নসিঁড়ি পুজগাং দলের ১জনকে লাল কার্ড, আরেকজনকে হলুদ কার্ড ও ফাতেমা নগরের দুইজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি ল্যান্স নায়েক আরমান আলী।
গত ২২-শে মে “শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন”-এই মূলমন্ত্রকে সামনে রেখে, এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে লোগাং জোন, ৩ বিজিবি,পানছড়ি ব্যাটালিয়ন। স্থানীয় জনগোষ্ঠীকে উৎসাহ উদ্দীপনা প্রদানের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়াসে, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে টুর্নামেন্টটির আয়োজন করে তারা। সদর দপ্তর লোগাং জোন (৩ বিজিবি) ও সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টে মোট ০৮টি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টটিতে পাইলট ফার্ম বন্ধু একাদশ, হিল পাওয়ার স্পোর্টস ক্লাব, মোহাম্মদপুর ইয়াং স্টার ক্লাব, ফাতেমা নগর মেঘনা যুব কল্যাণ ক্লাব, দম দম স্পোর্টিং ক্লাব, স্বপ্নসিঁড়ি পূজগাং একাদশ, ফেল্ডস -১১ এবং যদাবল একাদশ অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল রুবায়েত আলম, পিএসসি। সমাপনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি, সহমর্মিতা ও একতাবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। তাই এই ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা অব্যাহত থাকবে।
