সুহৃদ সুপান্থ
আগামী ৯ জুন রাঙামাটি জেলা বিএনপির উপনির্বাচনে পুনরায় ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হবেন নতুন সভাপতি সম্পাদক। সভাপতির মৃত্যুতে শুণ্য পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও নতুন কমিটির সম্পাদক দীপন তালুকদার দীপু সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করে সেই পদ থেকে পদত্যাগ করায় এখন নির্বাচন হচ্ছে দুই পদে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ জুনের নির্বাচনে বিএনপির কাউন্সিলররা সভাপতি পদে বিদায়ী কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো এবং টানা দুইবারের সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপুর মধ্য থেকে একজনকে বেছে নিবেন।
কিন্তু নতুন কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরও কেনো আবার সেই পদ ছেড়ে সভাপতি পদে নির্বাচন করছেন দীপু এনিয়ে আছে নানান মত। নেতাকর্মীদেরও আছে ভিন্ন ভিন্ন ভাষ্য।
এরই প্রেক্ষিতে পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর পক্ষ থেকে আমরা দীপন তালুকদারের কাছে জানতে চেয়েছিলাম,কেনো ফের সভাপতি পদেই নির্বাচন করছেন তিনি।
দীপু জানিয়েছেন, মূলত: আমাদের প্রিয় নেতা শাহ আলম ভাইয়ের অকাল মৃত্যুর কারণে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই আমি তার দায়িত্বটি গ্রহণ করার চ্যালেঞ্জ নিয়েছি। আমি মনে করছি তার রেখে যাওয়া পদে একজন সিনিয়র নেতা দায়িত্ব নিলে দল সুসংগঠিত হবে এবং বিএনপিও লাভবান হবে। দ্বিতীয়ত, এই মুহুর্তে দলের গুরুত্বপূর্ণ তিন পদের মধ্যে সিনিয়রিটি বিবেচনায় আমিই সিনিয়র। জুনিয়র কেউ সভাপতি হলে তাদের অধীনে রাজনীতি করা কঠিন হবে। আমাদের দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত বিবেচনায় বিষয়টি আমার জন্যও বিব্রতকর হয়। তাই আমি সভাপতি পদেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
তবে পরাজিত হলে কি করবেন ? এমন প্রশ্নের জবাবে দীপু বলছেন-‘ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমাদের প্রিয় কাউন্সিলররা বরাবরের মতই আমার উপর আস্থা রাখবে বলে আমার বিশ^াস আছে। তবুও যদি হেরে যাই দল যে দায়িত্ব দিবে,সে দায়িত্বই নিষ্ঠার সাথে পালন করব। যদি কমিটিতেও না রাখে তাতেও কোন রাগ বা অভিমান করব না। দলের শীর্ষ নেতা তারেক রহমান,মহাসচিবসহ সকল নেতাদের উপর পূর্ণ আস্থা আছে। দল যেটা ভালো মনে করবে নিশ্চয়ই সেটাই করবে।’
প্রতিদ্বন্দ্বি প্রার্থীর তার বিরুদ্ধে ‘অন্য দল থেকে আসা’ এবং ‘রাজনীতিতে বিশ বছর জুনিয়র’ এমন মন্তব্যের জবাবে দীপু বলেন-‘ প্রতিদ্বন্দ্বি প্রার্থী যা ইচ্ছা বলুক,আমি তার বিরুদ্ধে কিছুই বলব না। তার বিরুদ্ধে আমার কোন অভিযোগও নেই। ভোটের লড়াইয়ে নামলে অনেকেই অনেক কিছু বলবে, আমি এসবে কিছু মনেও করছি না।’
দলের কাউন্সিলরদের প্রতি পূর্ণ আস্থা আছে,এমন কথা জানিয়ে দীপু বলছেন, আমাদের কাউন্সিলররা সবাই যোগ্য ও সৎ। তারা দলের সভাপতি হিসেবে যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। এনিয়ে আফসোস বা হতাশ কিংবা অতি আত্মবিশ^াসের কিছু নেই। দিনশেষে আমরা সবাই একই পরিবারে,একই দলের, একই আদর্শের কর্মী,এটাই শেষ কথা।’
