নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি মেডিকেল কলেজ’র এর আউটসোর্সিং স্টাফ নিয়োগের টেন্ডার জমা দিতে বাধা দেয়ার একটি ঘটনায় দায়ের করা মামলায় সাবেক যুবলীগ নেতা,বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি)’র রাঙামাটির জেলা সভাপতি ও প্রত্যাশা স্পোটিং ক্লাবের সভাপতি মুজিবুর রহমান দীপুকে পুলিশ গ্রেফতারের পর জেল হাজতে পাঠিয়েছে আদালত । একই মামলায় তার শ্যালক সাবেক ছাত্রলীগ নেতা শাহ জামান রিপন ও মোঃ শফিকে খুঁজছে পুলিশ।
মুজিবুর রহমান দীপু ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। তিনি আওয়ামীযুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং রাঙামাটি জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি এফপিএবি’র রাঙামাটি জেলা কমিটির সভাপতি এবং প্রত্যাশা ক্লাব নামে একটি সংগঠনেরও সভাপতি।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানিয়েছেন, ‘রাঙামাটি মেডিকেল কলেজের একটি টেন্ডারে দরপত্র জমাদানে বাধা দেয়ার ঘটনায় রাজদ্বীপ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠাটেনর কর্ণধার জয়ন্তলাল চাকমা বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার রাতে মজিবুর রহমানকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।’
মামলার বাদী ও রাজদ্বীপ এন্টারপ্রাইজের সত্বাধিকারি জয়ন্ত লাল চাকমা জানিয়েছেন, ‘মুজিবুর রহমান দীপু ও তার লোকজন সোমবার দরপত্র জমা দেয়ার শেষদিন আমরা জমা দিতে গেলে জোরকরে আমাদের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে অপদস্থ করে। আমি তাৎক্ষনিক ৯৯৯ ফোন করলে পুলিশ আসে এবং ঘটনার সত্যতা পায়। এরপর আমি থানায় মামলা করি। পরে আমি দরপত্র বাতিল করার জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছেও আবেদন করেছি।’
এই বিষয়ে কথা বলার জন্য মামলার আরেক আসামী শাহ জামান রিপন এর সাথে যোগাযোগ করেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।
