থানচি প্রতিনিধি ॥
স্বাধীনতা ৫২ বছরের বান্দরবানে থানচিতে প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কমফারেন্সের ভার্চুয়ালি যুক্ত হয়ে স্টেশনটি উদ্বোধন করবেন।
দুর্গম পাহাড়ে থানচি উপজেলারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের কার্যক্রম চালু হয়েছে। এতে করে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। সারা দেশে ৪০টি ফায়ার সার্ভিস স্টেশন ও বান্দরবানের রুমা ও থানচি উপজেলা দুইটি উদ্বোধনের আওতায় আনা হয়েছে।
জানা যায়, ২০১৭ সালে ২২ জুলাই বান্দরবান গণপূর্ত বিভাগ প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ফায়ার স্টেশনের কাজ শুরু করে। সাড়ে পাঁচ বছর পর স্টেশনের কাজ শেষ হয়।
স্টেশনের সাব অফিসার মোহাম্মদ ইসমাইল মিয়া জানান, দুইটি গাড়ি, সাতজন ফায়ার ফাইটারস, তিনজন চালক ও একজন সাব স্টেশন কর্মকর্তা নিয়ে ২৪ ঘন্টা সেবা প্রদানে পুরোপুরি প্রস্তুত এই প্রতিষ্ঠান।
এদিকে দীর্ঘদিনের চাওয়া ফায়ার স্টেশন পেয়ে খুশি থানচি উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে থানচি বাজারের ব্যবসায়ীদের মধ্যে যেন আনন্দের জোয়ার বইছে। থানচি বাজারের ব্যবসায়ী লিটন চৌধুরী বলেন, এই পর্যন্ত তিন বার ভয়াবহ আগুনে সবকিছু হারিয়ে আমি আজ প্রায় নিঃস্ব। থানচি বাজারের কয়েকজন দোকানদার আগুনে দোকান পুড়ে যাওয়ার কারণে দেউলিয়া হয়ে গেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হওয়াতে এলাকাবাসী খুশি। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছি।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আতাউল গনি ওসমানী বলেন, স্বাধীনতা পরবর্তীতে এ অঞ্চলে কোন সড়ক পথ ছিল না ২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী থানচি উপজেলায় প্রথম পা রেখেছেন এবং চোখে দেখেছেন, সুতরাং প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হওয়ায় আজকে এখানে সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস স্টেশনসহ শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগসহ নানান ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে।
