ঝুলন দত্ত, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ৩২১ নম্বর রাইখালী মৌজার নবনিযুক্ত হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী (মিশুক)। তাঁর পিতা প্রয়াত হেডম্যান উচিং থোয়াই চৌধুরী (বাবলু) গত বছরের ২২ নভেম্বর মৃত্যুবরণ করার পর ২ মার্চ তিনি পরিবারের বড় ছেলে হিসেবে রাঙামাটি জেলা প্রশাসক কর্তৃক হেডম্যান নিযুক্ত হন। একজন গীটার বাদক হিসাবে তিনি চট্টগ্রাম ও ঢাকায় বিভিন্ন নামকরা ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন। ব্যান্ড সংগীতের অন্যতম আইডল প্রয়াত আইয়ুব বাচ্চুর কাছেও তিনি গীটার শিখেছিলেন। প্রথাগতভাবে বাবার মুত্যর পর অল্পবছর তরুণ বয়সে তাকে এই দায়িত্ব নিতে হলো।
বান্দরবান বোমাং সার্কেলের অধীন ৩২১ নং রাইখালী মৌজায় রয়েছে ৪৮টি গ্রাম। ২০ হাজার ৪ শত ৪০ একর জমি এবং ৩২ বর্গমাইল এলাকাজুড়ে উঁচুনিচু পাহাড় আর সমতল পরিবেষ্ট এই মৌজা। জনসংখ্যা ৩০ হাজারেরও অধিক। এই মৌজার অধীনে সরকারি ভাতাপ্রাপ্ত ৩৮ জন কার্বারি (পাড়া প্রধান) রয়েছেন। এছাড়া বোমাং সার্কেল থেকেও ভাতা পাওয়া আরও কয়েকজন কার্বারি রয়েছেন। রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী ঘিলাছড়ি পর্যন্ত বিস্তৃত এই মৌজাটি। মারমা, তঞ্চঙ্গ্যা, চাকমা এবং বাঙালি অধ্যুষিত এই এলাকার অধিকাংশ জনগণের আয়ের উৎস কৃষি জমি, বিভিন্ন প্রকার ফলের বাগান এবং জুম চাষ। এছাড়া সরকারি-বেসরকারি চাকরি, ব্যবসা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীতে চাকরিরত আছেন অনেকেই।
রোববার ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান কার্যালয়ে তাঁর সাথে কথা হয় এই প্রতিবেদকের। সাক্ষাৎকারে তিনি জানান, আমার বাবা একজন জনপ্রিয় হেডম্যান ছিলেন। একজন গানপাগল মানুষ হিসেবে তিনি সকলের সঙ্গে মিশতেন। আমিও প্রয়াত বাবার আর্দশকে বুকে ধারণ করে এগিয়ে চলতে চাই। সকলের আর্শীবাদে আমি অল্পবয়সে হেডম্যানের দায়িত্ব পেয়েছি। বাবাকে সব সময় দেখেছি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, ব্রিজ কার্লভাট নির্মাণে তিনি সবসময় সরকার এবং ইউনিয়ন পরিষদকে সহায়তা করে আসতেন। আমিও সেসব উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।
তিনি পাহাড় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ করে রাইখালী কৃষি ফার্ম ঘাট এলাকার কর্ণফুলী নদী সংলগ্ন যেই সিঁড়িটি আছে, বর্তমানে সেটা জরাজীর্ণ। আমি সরকারের নিকট বিনীত অনুরোধ জানাই, যেন জনগণের স্বার্থে অতিদ্রুত এই সিঁড়িটি সংস্কার করা হয়। হেডম্যান মিশুক আরও জানান, মৌজার অধিকাংশ জনগণ দরিদ্র। আমি বাবার মতো তাদের সুখে-দুঃখে সব সময় কাছে থাকবো। সকলের সহযোগিতা নিয়ে একটি আর্দশ মৌজা হিসাবে গড়ে তুলব।
