লংগদু প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পতাকা শোভাযাত্রার নৌবহর লংগদু উপজেলা ভ্রমণ করেছে। সোমবার দুপুরে লংগদু লঞ্চঘাটে মুক্তিযোদ্ধাদের এই নৌবহরকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ।
এরপর লংগদু বিশ্রামাগারে মধ্যহ্নভোজ শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তির মহান ব্রত নিয়ে যে রক্ত স্রোতের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, তার সত্য ইতিহাস জানতে হবে আজকের প্রজন্মকে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে দেশকে ভালোবাসতে হবে। দেশ ও মানুষের মুক্তির জন্যই আমরা লড়াই করেছি। আপনারা এখন দেশের উন্নয়নের জন্য লড়াই করুন। নৌবহরে অংশ নেন রাঙামাটি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকুল রতন বড়ুয়া, মকবুল আহামেদ, শফিকুল কাদের প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় পঞ্চাশটি জাতীয় পতাকা শোভিত শোভাযাত্রার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন। গত রোববার জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে শোভাযাত্রার উদ্বোধন করেন সাংসদ দীপংকর তালুকদার। তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উপজেলায় পতাকা শোভাযাত্রার নৌবহর পরিভ্রমণ করছে।
