খাগড়াছড়ি প্রতিনিধি
বিএনপি-জামায়াত চক্রের দেশ বিরোধী ‘ষড়যন্ত্র নৈরাজ্য অপতৎপরতার’ বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশ করে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্রসাঞো চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তারের নেতৃত্বে কর্মসূচিতে অনুষ্ঠানে অংশ নেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার।
এসময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সদস্য শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সহ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য নুরুল্লাহ হিরো, আফতাব উদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাঁশরী মারমা, যুব মহিলা লীগের সভাপতি ফারজানা আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি সুই চিং থুই মারমা, জেলা শ্রমিকলীগের আহবায়ক জানু সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টিকো চাকমাসহ জেলা উপজেলার ছাত্রলীগ,যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, “অবৈধ পথে ক্ষমতা দখলের চেষ্টা সফল হবে না বিএনপির। ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য চট্টগ্রামকে নিয়ে বার বার নীল নকশার জাল বুনে। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার পায়তারা সফল হবে না। কারণ আওয়ামী লীগ শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে আর বিএনপির হামলা, মারধর, হত্যার রাজনীতি করে না। তাই সাধারণ মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করায় জনবিচ্ছিন্ন বিএনপি এখন জনগনের আস্থা হারিয়ে অবৈধপন্থায় ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।”
এসময় খাগড়াছড়িতে কর্মসূচির নামে বিএনপির আর কোন ‘নৈরাজ্য সৃষ্টির পায়তারা’র সুযোগ দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন নেতারা।
