বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে রূপসী চাকমা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পদ্যপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত তরুণীর পিতা রাজা কুমার চাকমা বলেন, আমার মেয়ে দুই সহপাঠীর সঙ্গে কাচালং নদীর পাড়ে শামুক খুঁজে ফেরার পথে পা পিছলে নদীতে পরে তলিয়ে যায়। পরে সহপাঠীদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
উদ্ধার কাজে অংশ নেয়া অমর জীবন চাকমা ও আজগর আলী অভিযোগ করেন, নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীতে বড় বড় খাঁদ তৈরি হয়েছে। তাই খাঁদে পড়ে রূপসী চাকমা নদীতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম বলেন, রূপসী চাকমার বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
