বাঘাইছড়ি প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতেও তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন,বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা। শনিবার সকালে চৌমুহনী শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলমের পরিচালনায় ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. নিজাম উদ্দিন (বাবু)। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ খাজা, পৌর যুবদলের আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব মোঃ ওমর ফারুকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।
বক্তারা বলেন, এই মুহূর্তে দরকার নিরপেক্ষ সরকার। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বাড়ছেই। সরকারের কোনো মাথা ব্যথা নেই। মেগা প্রজেক্টের মাধ্যমে তারা মেগা দুর্নীতিতে মেতে আছে।
