ইয়াছিনুল হাকিম চৌধুরী, বান্দরবান ॥
বান্দরবানে অসহায় দরিদ্র শীতার্তদের কম্বল বিতরণ করেছে চট্টগ্রামের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় শতাধিক নারী এবং পুরুষের হাতে এই কম্বল বিতরণ করেন চট্টগ্রামের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী জীবানন্দ মহারাজ। বান্দরবান রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তমাল কান্তি বৈদ্যর সঞ্চালনায় এসময় চট্টগ্রামের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহ-সম্পাদক তাপস হোড়, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বান্দরবানের সভাপতি অনিল কান্তি দাশসহ সনাতনী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রামের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী জীবানন্দ মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শুরু থেকেই মানবতার জন্য কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, সমাজের সকলের উন্নয়ন এবং সকলের সুখে-দুঃখে পাশে থেকে এই সেবাশ্রম কাজ করে যাবে। এসময় তিনি আরো বলেন, প্রতিবছরই চট্টগ্রামের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যাগে গরীব ও অসহায়দের শীত নিবারণের জন্য বিনামূল্যে এই কম্বল বিতরণ করা হয়ে থাকে এবং আগামীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।
