বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নতুন প্রকল্প শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে রোববার বান্দরবান জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ল্যাটার-ডে সেইন্টস্ চ্যারিটিজ (এলডিএসসি) এর আর্থিক সহায়তায় এবং কাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস)-এর কারিগরী সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের মূল দায়িত্বে রয়েছে কারিতাস বাংলাদেশ। স্থানীয় সংস্থা হিসেবে হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
‘বান্দরবান জেলায় ২০২১ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি সাড়াদান এবং পুনর্বাসন প্রকল্পে’র জেলা পর্যায়ে আয়োজিত এ অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ এর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিমন সরকার, সহকারী কমিশনার অমিত রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো: রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সভায় আয়োজকেরা জানান, বিগত বছর ২৫ থেকে ৩০ জুলাই টানা ভারি বর্ষণের ফলে বন্যায় বান্দরবান জেলার লামা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই ক্ষয়ক্ষতি হ্রাস ও জীবনমান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ২০০টি পরিবারকে গৃহ মেরামতের জন্য আর্থিক ও কারিগরী সহায়তা এবং ৪৬০টি পরিবারকে গবাদি পশু পালন বা কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটি চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে বলে জানান আয়োজকেরা।
