বান্দরবান প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার বক্সিং দল বান্দরবান বক্সিং ক্লাবের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জিমনেশিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান বক্সিং ক্লাবের পরিচালক (যোগাযোগ ও ব্যবস্থাপনা) লুৎফুর রহমানের (উজ্জ্বল) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার কাউন্সিলর মো. ওমর ফারুক। বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক কৃতী ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য ও সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় মো. মোস্তাফিজুর রহমান, বান্দরবান সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো.আরমান, বক্সিং ক্লাবের জ্যোষ্ঠ বক্সার আবু বকর সিদ্দিকী মানিক।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে মো. ওমর ফারুক বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে খেলাধুলার কোনও বিকল্প নেই। জাতীয় পর্যায়ে বেশ কিছু প্রতিযোগিতায় বান্দরবান বক্সিং ক্লাব কৃতিত্বপূর্ণ পদক জয়লাভ করে বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছে। তাদের সামগ্রিক কার্যক্রমকে এগিয়ে নিতে হলে সবাইকে আন্তরিকভাবে সহায়ক ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বান্দরবান বক্সিং ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় তিনি বান্দরবান বক্সিং ক্লাবকে সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন।
পরে একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. ওমর ফারুক বান্দরবান বক্সিং ক্লাবের পরিচালক, প্রশিক্ষক, কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উদযাপন করেন। এসময় রং-বেরংয়ের বেলুন আর ফুল দিয়ে জিমনেশিয়ামকে সাজানো হয়।
প্রসঙ্গত, সর্বশেষ অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩০তম পুরুষ ও ৬ষ্ঠ মহিলা জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতা ২০২১ এর জাতীয় পর্যায়ে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার বক্সিং দল বান্দরবান বক্সিং ক্লাবের খেলোয়াড় প্রীতি ত্রিপুরা ৫২ কেজি ওজন শ্রেণীতে এবং লিমা ত্রিপুরা ৫৪ কেজি ওজন শ্রেণীতে দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে বান্দরবান জেলার ক্রীড়াঙ্গনের জন্য সুনাম বয়ে আনে।
