কাপ্তাই প্রতিনিধি
আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে খাদ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে এম নুর উদ্দিন সুমনকে সভাপতি এবং আলিব রেজা লিমনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। নানা জটিলতার কারণে পূর্নাঙ্গ কমিটি আর হয়নি। কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপজেলা কমিটি ইতোমধ্যে রাঙামাটি জেলা ছাত্রলীগকে সম্মেলনের তারিখ ঘোষণা করার জন্য বারবার চিঠি দিলেও করোনা পরিস্থিতিসহ নানা জটিলতায় বেশ কয়েকবার সম্মেলনের তারিখ পরিবর্তন করতে হয়েছে।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন জানান, আমরা আশা করছি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যারা উপজেলা ছাত্রলীগের পাশে ছিল সে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে আগামী উপজেলা কমিটিতে জায়গা করে নিবেন।
সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন জানান, আমাদের এই কমিটি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে সংক্রিয় ছিলো। আমরা নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলাম। আশা করছি আগামী কমিটিতে যারা আসবেন তারাও সেই ধারাবাহিকতা রাখবেন।
এদিকে, উপজেলা ছাত্রলীগের সম্মেলন পরবর্তী কমিটির সভাপতি এবং সম্পাদক কে হচ্ছেন; এনিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সভাপতি হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন- কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দী, সাবেক সাধারণ সম্পাদক পবন পাল, কলেজ ছাত্রলীগ নেতা মো. ইউনুছ, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোস্তফা।
অপরদিকে, সাধারণ সম্পাদক হিসাবে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহ-সম্পাদক মো. আকাশ, ছাত্রলীগ নেতা আবদুর রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা মো. আরিফ, সাইথোয়াই অং চৌধুরী, মো. আমান ও মনোবীর তনচংগ্যার নাম শোনা যাচ্ছে। এখন কে হচ্ছেন উপজেলা ছাত্রলীগের শীর্ষ দুইনেতা; সেটিই দেখার বিষয়।
