রিকোর্স চাকমা ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে যুব স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসার কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা রেড ক্রিসেন্ট হল রুমে ট্রেনার হাফিজা খানম এর সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টে’র সেক্রেটারি মাহফুজুর রহমান।
এতে সভাপতিত্ব করেন, যুব প্রধান প্রাচুর্য্য নাগ(পাপ্পু)। এসময় উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির ও জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, সিনিয়র স্বেচ্ছাসেবক রানা দেসহ কর্মশালায় অংশগ্রহণ করা যুব স্বেচ্ছাসেবকরা।
এসময় বক্তারা বলেন, যুব স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। যা ব্যক্তি জীবনেও কাজে আসবে। নিজেদের পরিবারের কেউ যদি হঠাৎ দুর্ঘটনায় শিকার হলে যদি সঠিক প্রাথমিক চিকিৎসা জানা থাকে তাহলে কিছুটা হলেও ক্ষতির পরিমাণ কমানো যাবে। তাই সবাইকে ভালো ভাবে প্রশিক্ষণগুলো কাজে লাগানোর জন্য বলা হয়।
বক্তারা আরো বলেন, পর্যায়ক্রমে রাঙামাটির প্রতিটি উপজেলায় এই মৌলিক ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চলমান থাকবে।
পরে উক্ত মৌলিক ও প্রাথমিক চিকিৎসার কর্মশালায় অংশগ্রহণ করা ২৬ যুব স্বেচ্ছাসেবকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
