বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। মহান এই দিনটিতে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি উদযাপন করে।
দিবসের শুরুতেই শহীদদের স্মরণে তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুসজ্জিত মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী), বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খানসহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদেরও উপস্থিতি দেখা গেছে।
এছাড়াও বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ‘মহান বিজয় দিবস-২০২১’ উদযাপন ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান ও উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়েছে।
