পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। গৌরবময় বিজয়ের ৫০ বছর উদযাপনে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার নানা কর্মসূচির আয়োজন করে।
সকাল ৭টা থেকে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, পানছড়ি থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে জাতীয় পতাকা উত্তোলনসহ শান্তির প্রতীক পায়রা ওড়ানো, কুচকাওয়াজ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা,শরীরচর্চা প্রদর্শনী ও শপথ বাক্য পাঠ কার্যক্রম সম্পন্ন হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম-কে সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। পরে এক আলোচনা সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয়। আলোচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ও ওসি (তদন্ত) কামরুজ্জামান’র নেতৃত্বে পানছড়ি থানা পুলিশ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় দেব’র নেতৃত্বে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা), ইউপিডিএফ(গণতান্ত্রিক), দুর্নীতি প্রতিরোধ কমিটি, ইউপিসহ বেশ কিছু সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। অপরদিকে বিকালে দেশব্যাপী একযোগে সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি-বেসরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণকে শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধানমন্ত্রী সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান।
