নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের বান্দরবান ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশগ্রহণ করে।
পরে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সহযোগিতায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন অংসুই প্রু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, দুনীতি দমন কমিশনের চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক রতন কুমার দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ব্রিটিশ কাউন্সিলের বান্দরবান ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মং শেনুক মারমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ নির্মাণ করতে। আমাদের প্রত্যেকের উচিত দুর্নীতির বিরোধিতা করা এবং যেকোন ভালো কাজের প্রশংসা করা। বক্তারা এসময় আরো বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ থাকবো এবং আগামী প্রজন্মকে একটি শিক্ষিত ও সৎ জনগোষ্ঠিতে রূপান্তরিত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।
