সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা করেছে লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম, লংগদু উপজেলা শাখা। মঙ্গলবার সকাল ১১টায় লংগদু উপজেলার প্রাচীন স্থাপনা বন বিভাগ পরিচালিত বনশ্রী বিশ্রামাগারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহ্দী ইমাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, ইউএনডিপির কর্মকর্তা ঐশ্বর্য চাকমা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ রেখে যাওয়া আমাদের প্রধান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের প্রত্যেকের মনে রাখা প্রয়োজন আমাদের আসল পরিচয় আমরা মানুষ। সকল অহংকার, হিংসা ও দাম্ভিকতা পরিহার করে শান্তিময় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজের স্বপ্ন আমরা সবাই আশাকরি। এ ফোরামের আসল উদ্দেশ্য সমাজে বসবাস করা প্রতিটি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য উন্নয়নে কাজ করা।
ফোরামের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমার সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান। উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তার বক্তব্যে ফোরামের কার্যক্রমের প্রসার ঘটাতে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠনের প্রস্তাব করেন। তিনি বলেন, সকল কমিটি একজোট হয়ে উপজেলা সদরে একটি শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের সবাইকে খোলামন নিয়ে কাজ করতে হবে। মনের মধ্যে হিংসা অহংকার দাম্ভিকতা রেখে সভা সমাবেশে ভালো কথা বললে পরিবর্তন আসবে না। আমাদের সন্তানদের জন্য, প্রতিবেশীদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো থাকার সমাজটা আমাদেরই করে যেতে হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, গুজবে কান না দিয়ে আমরা যেন চোখ কান খোলা রেখে বাস্তবতার আলোকে কাজ করি। তথ্য প্রযুক্তির অবাধ ও সহজ যোগাযোগ মাধ্যমের ব্যবহারে যেন সতর্ক থাকি। সর্বোপরি আমরা যেন কালচারাল মানুষ হতে পারি সেই চর্চাটাই করা উচিৎ।
শুভেচ্ছা বক্তব্যে ঝুমা দেওয়ান বলেন, সবার আগে আমাদের মূল পরিচয় আমরা মানুষ। আমাদের প্রত্যেকের মধ্যে যে মানবিক গুণাবলি লুকায়িত আছে সেসব গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। আমাদের আগামী প্রজন্ম যাতে মানবিক চেতনা ধারণ করে ভালো মানুষ হতে পারে সেই শিক্ষা প্রদানে ধর্মীয় গুরু, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসআইডি-সিএইচটি (জাতিসংঘের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প) ও লংগদু উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান আবু নাসির, লংগদু প্রেসক্লাবেরর সভাপতি ও ফোরামের উপদেষ্টা এখলাস মিঞা খান, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাজী ফোরকান আহামেদ, মাইনীমূখ হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহ্নি শিখা দে,জাহাঙ্গীর আলম, সুনীতি চাকমা, কল্যাণ মিত্র চাকমা, মীর শাহ আলম চৌধুরী প্রমূখ। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী সামাজিক নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
