নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় রেড ক্রিসেন্ট হলরুমে ক্রীড়া ও সংস্কৃতি বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌস মনির সঞ্চালনায় ও যুব প্রধান প্রাচুর্য নাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, কার্যনিবার্হী কমিটির সদস্য আশীষ দাশগুপ্ত, মনিরুল ইসলাম মনির, সুলতান মাহমুদ বাপ্পা, আজীবন সদস্য সৈয়দ মারুফ, ইকোসেফ প্রকল্প কর্মকর্তা মনজু করিম, সিনিয়র স্বেচ্ছাসেবক রানা দেসহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবকগণ।
এসময় বক্তারা বলেন, রাঙামাটি রেড ক্রিসেন্টের কার্যক্রম এখন আগের চাইতে বেগবান হয়েছে। আমাদের রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা রাঙামাটির মানুষের যে কোন দুর্যোগে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও যেন এই কার্যক্রম আরও গতিশীল রাখা যায় সেই আহ্বান জানান বক্তারা।
পরে আন্তর্জাতিক যুব স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার ও কভিড-১৯ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান করা হয়।
