কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে রাইখালীতে ছিনতাই করে পালাতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে দুই ছিনকারী আহত হয়েছে। এই সময় আরেকজন পালিয়ে যায়। পরে পুলিশ ছিনকারীদের উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। শনিবার রাত আটটায় এই ঘটনা ঘটে। গণপিটুনির শিকার দুইজনের হচ্ছেন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার মো. রানা(২৫) ও মো. মোর্শেদ (২৪)।
পুলিশ জানায়, রাতেই উপজেলার রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ও পুর্ব কোদালা এলাকার দু’টি দোকান থেকে ছিনতাই করে মোবাইল এবং টাকা পয়সা নিয়ে মোটরসাইকেল করে পালানোর সময় একই ইউনিয়নের ডংনালা নামক স্থানে গ্রামবাসী আটক করে তাদের গণপিটুনি দেয়। এইসময় ১ জন ছিনতাইকারী পালাতে সক্ষম হয়।
চট্টগ্রাম থানার ইনচার্জ(ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, আহতদের অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। সেইসাথে তাদের কাছ হতে ছিনতাইকৃত ছয়টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।
