জিয়াউল জিয়া ॥
করোনা মহামারি কাটিয়ে প্রায় ৯ মাস বিলম্বে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এর মাধ্যমে দেড় বছর পর হচ্ছে প্রথম কোনো পাবলিক পরীক্ষা। রবিবার সকাল ১০টায় জেলায় একযোগে ৩০টি কেন্দ্রে শুরু হয়েছে। পাবলিক পরীক্ষায় অংশ নেয় মোট ৯ হাজার ২৯৭জন পরীক্ষার্থী।
এর মধ্যে ২০টি কেন্দ্রে ৮ হাজার ১২২ জন এসএসসি, ৫টি কেন্দ্রে ৭১১ জন ভোকেশনাল এবং ৫টি কেন্দ্রে ৪৬৪ জন দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ১৩৯৪ জনের মধ্যে ১০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ছাত্র ৭ জন ও ছাত্রী ৩ জন। ভোকেশনাল পরীক্ষায় ৬৭৬ জনের মধ্যে পাঁচ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। দাখিল পরীক্ষায় ৪১০ জনের মধ্যে ছাত্র ৫ জন, ছাত্রী ১০ জন অনুপস্থিত ছিলো।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গেল সেপ্টেম্বরে শুরু হয় শ্রেণিকক্ষে কার্যক্রম। দীর্ঘদিন শ্রেণি পাঠদান না হওয়ায় এবারের পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। এবছর একজন শিক্ষার্থীকে নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা দিতে হবে। আবশ্যিক বিষয়ে পরীক্ষা এ বছর হচ্ছে না। সূচিতে প্রকাশিত বিষয়গুলোর মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষায় কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হলেও, কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকের মধ্যে সেই চিত্র চোখে পড়েনি। আবার পরীক্ষায় শেষেও দেখা যায় স্বাস্থ্যবিধি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সুষ্ঠুভাবে জেলায় প্রথম দিন এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে হয়েছে এবং কেন্দ্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানাও হয়েছে। কিন্তু কেন্দ্রের বাহিরে অভিভাবকদের এবং কেন্দ্রে প্রবেশ ও বাহির হওয়ার সময় কিছুটা স্বাস্থ্যবিধি ব্যাঘাত ঘটেছে আগামী পরীক্ষায় সেটি সঠিক ভাবে পালনের জন্য প্রতি কেন্দ্রে কেন্দ্র সচিবকে বলা হবে।
