নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে সাবেক সংসদ সদস্য ও পাহাড়ের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমার ৩৮ তম মৃত্যু বার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে। বুধবার সকালে লংগদু উপজেলা সদরে তিনটিলা এলাকায় জুম্ম জাতির জাতীয় শোক দিবস উপলক্ষে লংগদু উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এমএন লারমা’র অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক প্রস্তাব পাঠ করা, কালো ব্যাজ ধারণ, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করা হয়।
উপজেলার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত জুম্ম নেতা এমএন লারমার স্মরণ সভায় জনসংহতি সমিতি(এমএন লারমা) লংগদু উপজেলা শাখার সভাপতি অনঙ্গ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা জনসংহতি সমিতির(এমএন লারমা) সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি চাকমা।
লংগদু জনসংহতি সমিতির(এমএন লারমা) সাংগঠনিক সম্পাদক সুশীল জীবন চাকমার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, লংগদু ইউপি সদস্যা চম্পা চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা সমন্বয়ক জগদিশ চাকমা।
স্মরণসভায় উপস্থিত বক্তারা বলেন, পার্বত্য জনসংহতি সমিতি নীতি আদর্শ সাংগঠিক নীতিগত অবস্থান সংগ্রামে রণনীতিগত অবস্থান এবং রণকৌশলগত অবস্থান সংগঠনের প্রতিটি নেতা-কর্মী এবং নেতৃত্বে আজ ৪৫ বছর হতে চলেছে। সংগ্রামের এই দিনে আত্মজিজ্ঞাসা এবং আত্ম উপলব্ধি করতে হবে। মানবেন্দ্র নারায়ণ লারমা আদর্শ ও চেতনাকে ধারণ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর জুম্ম জাতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
