মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন ও ২৮ বুদ্ধ পূজা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মৈত্রীপুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দাচরিয়া ভিক্ষু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন মুবাছড়ি হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংরে মারমা, সাবেক মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, নীল রঞ্জন চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চশীল গ্রহণ, উপাসক-উপাসিকাদের উদ্দেশে ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনা প্রদান, সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়।
সংঘ প্রধান বলেন, গৌতম বুদ্ধের সময় বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে তার কেশ ধাতু স্বর্গের দেবতারা কেশধাতুর চুলা মনি চৈত্যকে পূজা করেন। এমন বিশ্বাস থেকে মর্ত্যলোকের বুদ্ধ পূজারীরা স্বর্গের সেই চুলা মনি চৈত্যকে উদ্দেশ্য করে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন করে থাকেন। এই বিহারেও ৪নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত একটানা একমাস এই অনুষ্ঠান চলবে।
