কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ায় কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাময়িক অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক মহিউদ্দীন পাটোয়ারী বাদল কে স্থায়ীভাবে বহিস্কারের সুপারিশ করা হয়েছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ । সেই সাথে ঐ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার আলমকে সাধারণ সম্পাদক হিসাবে পূণাঙ্গ দায়িত্ব পালন করার জন্যও সুপারিশ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল সাক্ষরিত এই প্রেস রিলিজে এই তথ্য জানা যায়।
স্থায়ী বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরও।
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধে সম্প্রতি হামলায় নিহত হন আব্দল লতিফের সমর্থক ইউপি সদস্য সজীবুর রহমান। এই ঘটনায় ক্ষুদ্ধ হয় জেলা আওয়ামীলীগও। একেতো বিদ্রোহী প্রার্থী,তার উপর তার অনুসারিদের হামলায় দলীয় নেতা ও জনপ্রতিনিধি খুন। ফলে দুই ঘটনার জেরে দল থেকে স্থায়ীভাবেই পদ খোয়াচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের এই দাপুটে সেক্রেটারি।
