সংরক্ষিত এলাকায় সভা সমাবেশ করায় রাঙামাটি পৌর যুবদলের আটক ৫ নেতার জামিন মঞ্জুর করেছে রাঙামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার দুপুরে আদালত তাদের জামিন মঞ্জুর করে।
জামিনপ্রাপ্তরা হলেন, নগর যুবদলের সভাপতি মো. ইউছুফ, নগর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সহ- সভাপতি কামাল হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মো. মানিক ও ২নং ওয়ার্ড সহ-সভাপতি নুর মোহাম্মদ দুখু। সোমবার সকালে আসামিদের পক্ষে আইনজীবীর মাধ্যমে আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে আরও তিনবার জামিনের আবেদন জানালেও আদালত জামিন মঞ্জুর করেনি।
জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাতে ৬ ওয়ার্ডের সংরক্ষিত এলাকায় সভা সমাবেশ করায় নগর যুবদলের ৬ নেতাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। এর মধ্যে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদকে জামিন দেয়া হয়।
