কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকা হতে দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আপন জুটি তঞ্চঙ্গ্যা(৩৫) নামে এক যুবককে আটক করেছে কাপ্তাই ৪১ বিজিবির কুকিমারা সিআইও ক্যাম্পের সদস্যরা। গত সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
কুকিমারা সিআইও ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আছিকুর রহমান শেখের নেতৃত্বে বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটক আপন জুটি তঞ্চঙ্গ্যা উত্তর দেবতাছড়ি এলাকার কিলামনি তঞ্চঙ্গ্যার ছেলে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন।
পরে আটক ব্যক্তিকে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও অন্যান্য সরঞ্জামাদিসহ কাপ্তাই থানার পুলিশের নিকট হস্তান্তর করেন।
ওসি জানান, আটক আপন জুটি তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে বিজিবির টহল দলের কমান্ডার বাদী হয়ে সোমবার রাতে কাপ্তাই থানায় একটি এজাহার দায়ের করলে উক্ত এজাহারের প্রেক্ষিতে কাপ্তাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামিকে মঙ্গলবার রাঙামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।
