কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, এই জনপদে প্রত্যেক ধর্মের উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নিয়ে প্রমাণ করে এটি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। তিনি আরোও বলেন, কাপ্তাইয়ে সকল ধর্মের মানুষের বসবাস এবং সবাই সর্বদা শান্তিপূর্ণ পরিবেশে যার যার ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। আগামীতেও শান্তিপূর্ণ কাপ্তাইয়ে এই সম্প্রীতি প্রতিনিয়ত বজায় থাকবে বলে ওসি জানান। এছাড়া কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিবেশ সবসময় ভালো রাখতে এলাকাবাসীর সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে কাপ্তাই থানা পুলিশের ৩নং বিটের উদ্যোগে শিলছড়ি রয়েল ক্লাবে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাপ্তাই শিলছড়ি বাজারের বাজার চৌধুরী এবং কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ছিদ্দীক আহমেদের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে অনান্যদের মধ্যে ওয়াগ্গা ইউপি সদস্য মাহবুব আলম, কাপ্তাই থানার এসআই খলিলুর রহমান, এসআই রাকিবুল হাসান, এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই মোঃ লিমন সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার কাপ্তাই ইউনিয়ন এবং চন্দ্রঘোনা ইউনিয়ন এর নালন্দা বিহারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
