নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল আবেদীন মন্ত্রিপরিষদ বিভাগে বদলি হওয়ায় লংগদু উপজেলা মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষক পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলার গাঁথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আটারকছড়া আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীমের পরিচালনায় এবং মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম।
সংবর্ধিত অতিথি লংগদু (ইউএনও) মাইনুল আবেদীন বক্তব্যে বলেন, করোনা মহামারির শুরু থেকে শিক্ষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লোকজনকে কোয়ান্টাইনে রাখার ব্যাপারে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। বর্তমানে যাতে সকলেই করোনা টিকা নিতে পারে তার জন্য সচেষ্ট হবেন। তিনি বলেন, এই পার্বত্য উপজেলায় শিক্ষার হার খুবই কম। আপনারা যারা এই মহান পেশায় নিয়োজিত আছেন চেষ্টা করবেন শিক্ষার হার বাড়াতে। এখানে দায়িত্ব পালনে আসায় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। লংগদুবাসীর কথা আমার মনে থাকবে। আপনারা আমাকে যেমন সহযোগিতা দিয়েছেন নবাগত ইউএনওকে একইভাবে সহযোগিতা দিবেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারি মো. এখলাস মিঞা খান, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।
শেষে শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মাইনুল আবেদীনের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।
