বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে অসহায় নারীকে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আনুষ্ঠানিকভাবে অসহায় নারী ফাতেমা আক্তারকে একটি সেলাই মেশিন বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, জেলা প্রশাসনের এনডিসি কায়েসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অসহায় নারী ফাতেমা আক্তার বলেন, ‘আমি সেলাইয়ের কাজ জানি। প্রশিক্ষন নিয়ে বুটিকের কাজও শিখেছি। কিন্তু সেলাই মেশিন না থাকায় কাজ করতে পারতাম না। জেলা প্রশাসক আমায় একটি সেলাই মেশিন দিয়েছেন। আমি খুবই আনন্দিত। এটি আমায় কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছেন।’
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘মেয়েটির সেলাইয়ের কাজে পারদর্শী। তার নাম ফাতেমা আক্তার। বাড়ি সদরের হাফেজঘোনা এলাকায়। তার হাতের কাজ খুবই ভালো। ইতিমধ্যে মেয়েটিকে দিয়ে আমি কিছু হাতের কাজও করিয়েছি। অসহায়দের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার উদ্যোগ নিয়েছে প্র্রশাসন। তমাস ত্রিপুরা নামে একজন প্রতিবন্ধী মোবাইলের যন্ত্রপাতি মেরামতে পারদর্শী হওয়ায় তাকে একটি মোবাইলের দোকান খুলে দেয়ার উদ্যোগ নিয়েছি।’
