নিজস্ব প্রতিবেদক
এক ঘন্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক প্রিয়ন্তী ত্রিপুরা। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে এনসিটিএফ রাঙামাটির পক্ষ থেকে ‘গার্লস টেক ওভার’ প্রোগ্রামের মাধ্যমে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিনের দায়িত্ব একঘন্টা প্রতীকী হিসেবে পালন করেন প্রিয়ন্তী ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে ইউএনও নাজমা বিনতে আমিন তাঁর দায়িত্ব প্রিয়ন্তী ত্রিপুরাকে বুঝিয়ে দেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্বভার বুঝে নিয়ে প্রিয়ন্তী ত্রিপুরা স্বাগত বক্তব্য রাখেন এবং বক্তব্যে বাল্যবিবাহ ও ইভিটিজিং বন্ধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সে ইউএনও’র দায়িত্ব পালন করেন। পরে প্রিয়ন্তী ত্রিপুরা পুনরায় ইউএনও নাজমা বিনতে আমিনকে দায়িত্ব হস্তান্তর করেন।
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) রাঙামাটি জেলা সভাপতি মো. তোফাজ্জল হোসেন জানান, শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে। সোমবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেক ওভার’ প্রোগ্রামের আয়োজন করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের একজন সদস্য ইউএনও স্যারের দায়িত্ব একঘন্টার জন্য পালন করেন।
