লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক শিশুর শিক্ষার্থী মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভারী বৃষ্টিসহ বজ্রপাতে নিহত হয় কবিতা আকতার (১০)। স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল কবিতা। সে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ৫নং ব্লক নতুন পাড়ায় নানীর বাড়িতে বসবাস করতো। কবিতা আকতারের পিতা আব্দুল কাদের আনসারবাহিনীতে কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জরিনা বেগম বলেন, দুপুরে আমার নাতনী কবিতা আক্তার মাদ্রাসা থেকে বাড়িতে আসে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে সে গোসল করার জন্য বারান্দার কাছে উঠানে দাঁড়ায়। এসময় আমি বারান্দার খাটে শুয়ে ছিলাম এবং কবিতার আর ২ বোন খেলা করছিল। হঠাৎ বিকট শব্দের সঙ্গে আলোর কু-লী দেখতে পেলাম। পরে দেখি কবিতা মাটিতে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কবিতাকে আর বাঁচানো গেলনা।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অরবিন্দ চাকমা জানান, বজ্রপাতে নিহত শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় কোনো ভাবেই ঘরের বাইরে থাকা যাবে না। এ বিষয়ে বড়দের পাশাপাশি শিশুদেরকেও সচেতন করতে হবে।
