সাবেক কেন্দ্রীয় সভাপতি জেলাস চাকমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। শুক্রবার রাত ৩:৩৯ মিনিটে নিজ বাড়ি খাগড়াছড়ি সদরের উপালীপাড়ায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন জেলাস। তিনি দীর্ঘ দিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সংগঠনের সাবেক এই নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।
পিসিপির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জেলাস চাকমা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়ন নুনছড়ি সুরসেন মেম্বারপাড়ার পিতা মৃত: বিমলানন্দ চাকমা ও মাতা মন্দাকিনি চাকমার সাত সন্তানের মধ্যে চতুর্থ। তিনি ১৯৯৯ সালে পাহাড়ি ছাত্র পরিষদে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও ২০০২-২০০৩ সালে কেন্দ্রীয় কমিটি সভাপতি দায়িত্ব পালন শেষে ইউপিডিএফ-এ যুক্ত হন এবং খাগড়াছড়ি সদর ও লক্ষ্মীছড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে পার্টির কাজে সম্পৃক্ত থাকা সম্ভব হয়নি।’
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘জেলাস চাকমা পাহাড়ি ছাত্র পরিষদে দায়িত্বে থাকাকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৯ সালে জাতীয় বেঈমানরা পার্টি কর্মী হরেন্দ্র-হুরুক্যা চাকমা নির্মমভাবে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল। পরে খাগড়াছড়ি জেলা সদর গামাড়িঢালায় শহীদ হরেন্দ্র-হুরুক্ক্যার দাহক্রিয়া অনুষ্ঠানে জেলাস চাকমা পিসিপি’র পক্ষ থেকে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। সংগঠনের সাবেক এই নেতার অকাল মৃত্যুতে পিসিপি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’
পাহাড়ি ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাশীষ চাকমা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
