লংগদু প্রতিনিধি
মা বাড়িতে নাই, শিশুকণ্যা আমেনাকে (৩) নিয়ে বাড়ীর পাশে লেকে গোসল করতে যায় পিতা আবদুর রহিম। এমন সময় মোবাইল ফোনে কল আসে রহিমের। শিশু আমেনাকে ঘাটে বসিয়ে রেখে ফোনে কথা বলতে থাকেন হতভাগা পিতা। ফোনে ব্যস্ত থাকার সুযোগে শিশুটি পানিতে নেমে যায়। মুহূর্তের মধ্যেই পানিতে ডুবে গিয়ে মৃত্যু হয় শিশু আমেনার।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের মৌজালি টিলা গ্রামে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
জাতীয় কন্যা শিশু দিবসের এমন দিনে নিজের ভুলের কারণে শিশু আমেনাকে হারিয়ে শোক নেমে এসেছে আবদুর রহিমের পরিবারে। আব্দুর রহিম কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিবরণ দেন। বলেন, ‘পরিবারের সবার ছোট আমেনাকে নিয়ে আদরের শেষ ছিলনা। গোসল করতে যাওয়ার সময় আমার কোলে চড়ে বেশ কয়েকবার চুমু দিয়েছে। এই চুমুই যে শেষ চুমু তা জানা ছিল না।, এ কথা বলেই আবারও কান্নায় ভেঙ্গে পড়েন হতভাগা পিতা আবদুর রহিম।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, কাপ্তাই লেকে পানি বাড়ার সাথে সাথে অনেক শিশু পানিতে ডুবে মারা যায়। এই সময়টাতে শিশুদের প্রতি বেশি যতœবান হওয়া প্রয়োজন। শিশুদের এমন অকাল মৃত্যু রোধে অভিভাবকদের সচেতন হওয়ার বিকল্প নাই।
