নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে সোশ্যাল মিডিয়ায় ‘শ্লীলতাহানী ও কটুক্তিকারি’দের বিরুদ্ধে করা মামলা ‘ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা’র প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠিরা।
রবিবার সকাল সাড়ে ১১ টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘ কলেজ ছাত্রী আঁখিকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও পোস্টের মাধ্যমে হয়রানি করার মামলার আসামী ও তাদের পৃষ্ঠপোষকরা অপরাধীদের আড়াল করার জন্য ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। বিষয়টিকে প্রয়াত সাংবাদিক মোস্তফা কামালের পারিবারিক সমস্যা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।’
সমাবেশে মামলা রুজু করা এতোদিন পরও একজন আসামীও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা আরো বলেন,‘ ভূক্তভোগীদের পাশে দাঁড়ানোর কারনে মানবাধিকার কর্মী আইনজীবী আয়েশা আক্তার সোনিয়া ও তার স্বামী সহকারী এ্যাটর্নী জেনারেল এর বিরুদ্ধেও মিথ্যাচার করছে ঐ মহলটি।’
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী কলেজছাত্রী আর্জিয়া আলম আঁখি, জাহিদুল ইসলাম জাহিদ, মো. সাজ্জাদ হোসেন, রাঙামাটি শিক্ষক সমিতির সভাপতি মাঈন উদ্দিন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শরিফ জিনহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কল্যাণ মিত্র চৌধুরী সহ রাঙামাটি মহিলা কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ।
মানববন্ধন শেষে আইনগত সহযোগিতা ও প্রতিকার চেয়ে স্বরাস্ট্রমন্ত্রী বরাবরে দেয়া একটি স্মারকলিপির কপি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের কাছে তুলে দেন মহিলা কলেজের ছাত্রীরা।
প্রসঙ্গত,সোশ্যাল মিডিয়ায় হয়রানি করা হয়েছে এমন অভিযোগে এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. আলমগীর মানিক, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি জাহেদা বেগম, এবং আলমগীর মানিকের দুই সহযোগি মাসুদ পারভেজ নির্জন ও শহিদুল ইসলাম হৃদয় এর বিরুদ্ধে রাঙামাটির কোতয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাঙামাটি সরকারি কলেজের ছাত্রী আর্জিয়া আলম আঁখি। আঁখি দৈনিক অবজারভার এর রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনের স্ত্রী।
