সাইফুল বিন হাসান ॥
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘পরিবেশ থিয়েটার বিষয়ক কর্মশালা-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার (বাঁধন)। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলার কালচারাল অফিসার অনুচিন্তিয়া চাকমা এবং প্রশিক্ষক ও নাট্য পরিচালক সোহেল রানা। সভার সঞ্চালনা করেন জেলা শিল্পকলার নাট্যকার সাইফুল হাসান।
কর্মশালার শুরুতে বক্তারা পার্বত্য জেলা রাঙামাটিতে পরিবেশ থিয়েটার করার যে সুযোগ রয়েছে তা কাজে লাগিয়ে সুন্দর থিয়েটার স্থাপন করার উপর জোর দেন। বক্তারা বলেন, রাঙামাটিতে থিয়েটার বিষয়ে বর্তমানে নানাবিধ কাজ হচ্ছে, জেলা শিল্পকলা নাট্যকারদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করছে কাজ করার জন্য। তাই সকলের প্রচেষ্টায় সুন্দর থিয়েটার রাঙামাটিবাসীকে উপহার দেওয়া সম্ভব। আর এরজন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা করতে শিল্পকলা একাডেমী বিগত সময়ের মতই পাশে থাকবে।
আলোচনা সভার পর প্রশিক্ষণার্থীদের মাঝে আগত প্রশিক্ষক ‘পরিবেশ থিয়েটার’ এর ওপর প্রশিক্ষণ প্রদান করেন।
