নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি তৈরির জন্য পাহাড় কাটার ঘটনায় আদালতের স্বপ্রণোদিত মামলায় থানচি থানার ওসিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সামির হোসাইন জানান, বান্দরবান জেলার থানচিতে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা কর্তৃক প্রকাশ্যে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা এবং প্রতিবেদনের আলোকে অপরাধগণ্যে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ১৯(১)(সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মঙ্গলবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানচি থানাকে তদন্তপূর্বক আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া দিয়েছেন আদালত।
এদিকে স্থানীয়দের অভিযোগ, থানচি উপজেলা বাসস্টেশন থেকে আমতলীপাড়া যাওয়ার রাস্তার পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ এলাকায় থানচি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের অনুমোদন ছাড়াই তিন সপ্তাহ ধরে প্রকাশ্যে বসতবাড়ি নির্মাণের জন্য দুটি স্কেভেটর ব্যবহার করে পাহাড় কেটে সমান করেছে। উন্নয়ন কাজের অজুহাতে ইতোমধ্যে পাহাড়ের বিশাল একটি অংশ কেটে অনেকটা সাবাড় করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে লেখালেখি হওয়ায় সায়মিক পাহাড় কাটা বন্ধ রাখেন ক্ষমতাসীন দলের এই নেতা।
