প্রান্ত রনি
ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারো বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে করে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের সড়ক যোগাযোগবিচ্ছিন্ন ছিলো। তবে সওজ রাস্তাটি চলাচলের উপযোগী করায় ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা নামক এই সড়কটির পাঁচ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিভিন্নসময়ে পাহাড়ধসের ঘটনা ঘটছে। গত রোববার দিবাগত রাতেও টানা বর্ষণের কারণে এ সড়কের দুইটিলা ও এগারোকিলো এলাকায় দুইটি স্থানে পাহাড়ধসে সড়কের ওপর মাটি পড়ে থাকে। এতে করে সকাল থেকেই এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এর আগে গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে একই সড়কের অজলচুগ বনবিহার, এগারোকিলো ও চারকিলো এলাকার চারটি স্থানে পাহাড়ধসে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।
সওজ খাগড়াছড়ির উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটি স্থানে সড়কের ওপর পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা সোমবার দুপুর ১২টার মধ্যে রাস্তার ওপরের মাটি সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই সড়কটি বৃষ্টিপাতের সময়ে চলাফেরার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই বৃষ্টিপাত ও পরবর্তী সময়ে সাবধানে চলাফেরা করতে হবে।
