খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে গত রাতের টানা প্রবল বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এ কারণে জেলা সদরের বিভিন্ন এলাকার প্রায় ৫শ পরিবার পানিবন্দি হয়ে পরেছে। নষ্ট হয়েছে ফসলি জমি। অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এদিকে খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, মুসলিম পাড়া, গঞ্চপাড়া, শান্তিনগর, কালাডেবা, বটতলী এলাকার মানুষগুলো পানিবন্দি হয়ে পরেছে। অনেকে ঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে।
বন্যা দুর্গতদের জন্য পৌরসভার পক্ষ থেকে খিঁচুড়ি, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। জেলার শালবন, সবুজবাগে পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি দীঘিনালা সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত হয় গ্রামীণ সড়ক ও কালভার্ট।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, পানিবন্দি মানুুষকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচেচ্ছ। সেখানে আমরা খাবারের ব্যবস্থা করেছি। বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
