বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার এ দুজন মারা যান। এরা হলেন- বান্দরবান পৌরসভার উজানী পাড়ার বাসিন্দার সাংস্কৃতিককর্মীর মা নুনুপ্রু মারমা (৫৭) এবং পূর্ব ধোপাছড়ির বাসিন্দার ছাবের আহমেদ (৫৫)।
এর আগে মঙ্গলবার লামা উপজেলার রুপসীপাড়ার বাসিন্দার হামিদা বেগম (৬২) নামে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে বান্দরবান সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনায় আক্রান্ত আরও ৬০ জন রোগী ভর্তি রয়েছে। বুধবার নতুন করে আরও ৩১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। বান্দরবান হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পাল বলেন, চিকিৎসাধীন অবস্থায় বান্দরবান হাসপাতালে ২ জন বয়স্ক লোকের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে নিয়মিত।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, করোনায় আক্রান্ত ২ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। জনবল এবং লজিস্টিক সাপোর্ট না থাকায় ক্রিটিক্যাল রোগীদের শতভাগ চিকিৎসাসেবা এখানে নিশ্চিত করা সম্ভব হয়না। তাই গুরুতরদের দ্রুত চট্টগ্রামে পাঠানো হচ্ছে।
