পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি ॥
বিলাইছড়িতে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। শনিবার সকালে তিনি উপজেলার প্রধানমন্ত্রীর উপহার ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও মো. মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. পারভজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশসহ ইউনিয়ন জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক প্রথমে গৃহহীনদের প্রধানমন্ত্রীর দেয়া কেংড়াছড়ি ইউনিয়নের ঘর ও বিলাইছড়ি ইউনিয়নের ধুপ্যাচর এলাকার ঘর পরিদর্শন করেন। ঘর পরিদর্শন শেষে উপজেলা সদরের নিলাদ্রী রিসোর্টে বৃক্ষরোপণ করেন। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে বৃক্ষরোপণ করেন।
প্রসঙ্গত, বিলাইছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুই দফায় ৩৭টি ঘর প্রদান করা হয়েছে।
