পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলের ঢালি হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের পৃথক দুটি প্রেসক্লাব। 

সোমবার মধ্যাহ্নে নিখিল কুমার চাকমা রাঙামাটিতে আসার পর শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করতে যাওয়ার পথে অবস্থিত রাঙামাটি প্রেসক্লাব ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা ক্লাবের সদস্যরা সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এবং সাধারন সম্পাদক আনোয়ার আল হক এর নেতৃত্বে নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় চেয়ারম্যান নিখিল তার দায়িত্বপালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এদিকে মঙ্গলবার তার নিজস্ব বাসভবনে নিখিল কুমার চাকমার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এক বছর আগে যাত্রা শুরু করা সাংবাদিকদের পৃথক আরেকটি সংগঠন রাঙামাটি প্রেসক্লাব’র নেতৃবৃন্দ। সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক নন্দন দেবনাথের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা এই সাক্ষাতে অংশ নেন। 

এ সময় চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সামগ্রীক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানোই হবে আমার মুল দায়িত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরুত্বপুর্ণ দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবো। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাব। সরকারের ভাবমুর্তি যাতে ক্ষুন্ন না হয় সেই দিকে নজর দিয়ে দায়িত্ব পালন করব।
