শুভ্র মিশু
পার্বত্য জেলা রাঙামাটিতে কোভিড-১৯ করোনা ভাইরাসের গত ২৪ঘন্টায় ২৫জন নতুন করে পজিটিভ হয়েছে, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ বলছে স্বাস্থ্য বিভাগ। সমতলের জেলাগুলো থেকে পাহাড়ের এই অঞ্চলে সংক্রমণ কম থাকলে গত কয়েকদিনে সংক্রমনের সংখ্যা দফায় দফায় বাড়ছে। যা কখনো সর্বোচ্চ কখনো বা দ্বিতীয় সর্বোচ্চ।
শনিবার নতুন করে গত ২৪ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন আরো ২৫জন। যা এই বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার সন্ধ্যায় দেয়া তথ্য অনুসারে গত ২৪ঘন্টায় ১৩৮জন নমুনা পরীক্ষা করে ২৫জন পজিটিভ হয়। এর আগে বৃহস্পতিবার ১১৯জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ২৬জনের। নতুন করে পজিটিভ হওয়াদের মধ্যে সদরে ১৫জন, বাঘাইছড়ি ১জন, রাজস্থলীতে ৬জন, কাউখালি ৩জন। জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১ হাজার ৭৭৩ জন। এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৯জন ।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানিয়েছেন, এই বছর আজকে দ্বিতীয় সর্বোচ্চ পজিটিভ করোনা রোগী পাওয়া গেছে। দেশের অন্যান্য অঞ্চলের মত রাঙামাটিতেও সংক্রমণের হার বাড়ছে। সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সরকারি বিধিনিষেধ কঠোর ভাবে মেনে চলতে হবে, তাহলে হয়তো সংক্রমণ কমবে। নয়তো দেশের অন্যান্য অঞ্চলের মতো আমাদের অবস্থাও খারাপ হবে।
