দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দিনের (৬০) মৃত্যু হয়েছে।
একই সঙ্গে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোসলেম উদ্দিন দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামতলি এলাকার বাঙালিপাড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে দীঘিনালা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুন) করোনার লক্ষণ নিয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোসলেম উদ্দিন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৪ জুন) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। মোসলেম উদ্দিনের ভাই মো. শাহজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা বিএনপি। গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ‘জেলা বিএনপি পরিবার একজন সংগ্রামী সহযোদ্ধাকে হারিয়েছে। নেতাকর্মীদের সঙ্গে বিনয়ী আচরণ, সংগঠনকে অন্তর থেকে অপলব্দী করা এবং সংগঠনের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মতো একজন সফল নেতা ছিলেন মোসলেম উদ্দিন। তাঁর অভাব সব সময় অনুভব করবে জেলা বিএনপি।’
শোক বার্তায় ওয়াদুদ ভূইয়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করেছেন।
