জিয়াউল জিয়া
রাঙামাটিতে চীনের সিনোফার্মর টিকা প্রয়োগ শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে এই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হয়।
প্রাথমিকভাবে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দিয়ে এই টিকার কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা।
সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, সিনোফার্মার টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ৪ সপ্তাহ বা ২৮ দিন। এছাড়া ভ্যাকসিন কেন্দ্রের অন্যান্য ব্যবস্থাপনা আগের মতোই প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র না থাকলে স্টুডেন্ট আইডি’র তথ্য লিপিবদ্ধ করে ভ্যাকসিন নিতে পারবেন, কিন্তু দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণের আগে জাতীয় পরিচয়পত্র সুরক্ষায় ওযেব পোর্টালে/অ্যাপে নিবন্ধন করে নিতে হবে।
স্বাস্থ্য অধিদফপ্তর থেকে ১০ ক্যাটাগরির ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। পূর্বে যারা ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা প্রয়োগের ব্যপারে এখনো কোন নির্দেশনা আসেনি। অগ্রাধিকারপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে ভ্যাকসিন নেননি, অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মী, যাদের বিএমইটি নিবন্ধন কিংবা কার্ড আছে, সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা, ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সরকারি প্রকল্পে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরা, সারাদেশে কোভিড-১৯ মৃতদেহ সৎকারে নিযয়োজিত ওয়ার্ড/পৌরসভার কর্মী এবং বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা পাবেন সিনোফার্মে এই টিকা।
রাঙামাটিতে গতকাল (১৮ জুন) ৪ হাজার ৮শত ডোজ এসেছে, যার মধ্যে ২ হাজার ৪শত ডোজ টিকা প্রয়োগ করা হবে। বাকী ২ হাজার ৪শত ডোজ দ্বিতীয় ডোজ এর জন্য সংরক্ষিত রাখা হবে বলে জানান, করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।
