কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে চন্দ্রঘোনায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ উছাইমং মারমা (নিথোয়াই)(৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার(১৬ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডলুছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাঁর ঘর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক উছাইমং মারমা ডলুছড়ি এলাকার থোয়াইচিং মারমার ছেলে।
এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ব্যক্তিকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্র নিশ্চিত করেছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচাজ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ইতিমধ্যে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুকে হত্যাচেষ্টার মামলা রেকর্ড আছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
